মানিকগঞ্জের ঘিওর বাজারে অব্যবস্থাপনার দায়ে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে ঘিওর বাজার পুকুরপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম।
অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানটি হলো ঘিওর বাজার এলাকার ‘মেসার্স হুমায়ুন ট্রেডার্স’। এর প্রোপাইটর মো. হুমায়ুন কবির।
উপজেলা প্রশাসন নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এই অভিযান চালায়। এ সময় মেসার্স হুমায়ুন ট্রেডার্সে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটির প্রোপাইটরকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনার সময় ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





