মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মইনুল ইসলাম খান শান্ত বলেছেন,সম্প্রতি তিনটি আসনের সংসদ নির্বাচনে স্বৈরাচারের গোপন শক্তি যেভাবে ভোট পেয়েছে তা আমাদের ভাবিয়ে তুলেছে। এমনকি আমার নিজের আসনেও তারা বিপুল ভোট পেয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তারা হারিয়ে যায় নি বরং গোপনে থেকে আমাদের প্রতিটি পদক্ষেপ নজর রাখছে। যখন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে দেশের সম্মান উজ্জ্বল করছেন। ঠিক তখনই এরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। মানিকগঞ্জ সর্বদা ‘ধানের শীষে’র শক্ত দুর্গ। তাই সব ভেদাভেদ ও অভ্যন্তরীণ মতপার্থক্য ভুলে এই অপশক্তিকে রুখতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
প্রকৌশলী মইনুল ইসলাম খান শান্ত বলেন,আপনারা জানেন,বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাবে আমরাও চ্যালেঞ্জের মুখে পড়ে ছিলাম। সংকট শুরুর পর বিরোধী দলের প্রস্তাবে একটি সংসদীয় কমিটি গঠন করা হয়, যেন সবাই মিলে সমাধানের পথ খোঁজা যায়। আমি সেই কমিটির একজন সদস্য ছিলাম।
তিনি আরও বলেন, কমিটির সিদ্ধান্ত ছিল—পার্শ্ববর্তী দেশের সাথে সামঞ্জস্য রেখে আমাদের জ্বালানি তেলের দাম নির্ধারণ করা। বর্তমানে বাংলাদেশে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, যা ভারতে বাংলাদেশি টাকায় প্রায় ১৩৪ টাকা ৭০ পয়সা। মাত্র ২০-২৫ পয়সার এই সামান্য পার্থক্যকে দাম বাড়ানো নয়, বরং মূল্যের সমতা আনা বলাটাই যুক্তিযুক্ত।
সংসদ সদস্য শান্ত বলেন,সর্বসম্মত সিদ্ধান্তের পরও আন্দোলন বা রোড মার্চ করার অর্থ একটাই—আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে বাধা দেওয়া। তারা চায় না বিএনপি সরকার এসে কৃষক কার্ড বা ফ্যামিলি কার্ডের মতো কল্যাণমূলক উদ্যোগগুলো বাস্তবায়ন করুক।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,আসুন, নিজেদের ভুল-বোঝাবুঝি ও ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ হই। সবাই মিলে মানিকগঞ্জের সেই গৌরবময় অতীত ও ঐতিহ্য ফিরিয়ে আনি।
জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির,জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এ এফ এম নূরতাজ আলম বাহারসহ জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।





