মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেছেন, মৃত্যুকে তুচ্ছ করে এবং জেল-জুলুমকে জয় করে আপনারা রাজপথ কাঁপিয়েছেন। তারেক রহমানের প্রতিটি নির্দেশই ছিল আমাদের সংগ্রামের মূল হাতিয়ার, আর সেখান থেকেই অর্জিত হয়েছে আজকের এই ঐতিহাসিক বিজয়।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার বিরুদ্ধে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,আজকের এই জনসমুদ্রে দাঁড়িয়ে আপনাদের কাছে আমার একটিই প্রশ্ন গত ১৭ বছর আপনারা কি দিনে কিংবা রাতে এক মুহূর্তের জন্য ঘরে শান্তিতে ঘুমাতে পেরেছেন? তিন বেলা পেট পুরে খেতে পেরেছেন? অসুস্থ মা-বাবা যখন হাসপাতালে শয্যাশায়ী ছিলেন আর না খেয়ে থাকা সন্তানটি ‘বাবা, বাবা’ বলে কেঁদেছে, তখন বুকে হাহাকার থাকা সত্ত্বেও কি আপনারা সেই নিষ্পাপ সন্তানকে বুকে জড়াতে পেরেছিলেন?
না, পারেননি! তাই আজকের এই সমাবেশ থেকেই আমাদের অধিকার আদায়ের নতুন লড়াই শুরু হবে।
জিন্নাহ কবির স্পষ্ট জানিয়ে দেন,স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। আপনারা নির্বাচনে অংশ নিতে চাইলে জনপ্রিয়তার প্রমাণ দিন,দল অবশ্যই আপনাদের সমর্থন দেবে।
স্থানীয় রাজনৈতিক দৃশ্যপট তুলে ধরে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আজ অত্যন্ত কষ্টের সাথে বলতে হচ্ছে। যাঁরা স্থানীয় নির্বাচনে লড়াই করতে চান, তাঁদের পাশেও পতিত স্বৈরাচারের দোসরদের দেখা যাচ্ছে। যেসব দোসর আপনাদের ওপর স্টিম রোলার চালিয়েছে। অমানুষিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়েছে। কেবল নির্বাচনের স্বার্থে আজ আপনারা তাঁদের পাশে বসিয়ে চা খাচ্ছেন! একবারও কি আপনাদের বিবেক দংশন করছে না।
তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বুকে হাত দিয়ে বলুন তো, ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে গণহত্যাকারী স্বৈরাচার কিংবা স্বাধীনতা বিরোধী রাজাকার-আলবদরদের কেউ কি ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে বিজয়ী করেছিল? কখনোই করেনি।
দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন, আজ আমরা সবাই ঐক্যবদ্ধ হই। প্রধান অতিথি আমাদের বিপ্লবী তারেক রহমানের যে কঠোর সিদ্ধান্ত তা ঘোষণা করবেন, আমি তার প্রতি পূর্ণ সংহতি জানাচ্ছি। আমরা সবাই মিলে পতিত স্বৈরাচার ও তাদের স্বাধীনতা বিরোধী দোসরদের বর্জন ও প্রতিরোধ করব।
জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মইনুল ইসলাম খান শান্ত, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এ এফ এম নূরতাজ আলম বাহারসহ জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।





