মানিকগঞ্জের ঘিওরে রাজস্ব খাতের আওতায় বিভিন্ন মুক্ত ও আবদ্ধ জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ পুকুর, ধলেশ্বরী নদী, মৌহালী আদর্শ গ্রাম পুকুর, ঘিওর হাসপাতাল পুকুর এবং কে.বি.বি.টি কাটাখালী খালে এসব পোনা মাছ অবমুক্ত করা হয়।
পোনা মাছ অবমুক্তকরণ শেষে আয়োজকরা জানান, এ কর্মসূচির আওতায় রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশসহ বিভিন্ন প্রজাতির ২৭২ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রজনন সুরক্ষা এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার, মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান ও সমাজসেবা কর্মকর্তা শাহিন আলম। এছাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।





