মানিকগঞ্জের ঘিওরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মাসুম (২৫) নামের এক যুবককে পিটিয়ে আহত করেছেন বড়টিয়া ইউনিয়ন ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক রনি ও তাঁর অনুসারীরা এমন অভিযোগ উঠেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় মাসুমকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য রনির পরিবারের তিন সদস্যকে থানা হেফাজতে নেওয়া হযেছে।তারা হলেন, রনির বাবা আবুল হোসেন (৫০), মা পারুল বেগম (৪২) এবং স্ত্রী ফাতেমা বেগমকে (১৯)।
জানা যায়, জেলার ঘিওর উপজেলায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত রনি এমন অভিযোগ রয়েছে। মাদক বিক্রিতে মাসুম বাধা দেওয়ায় রনির ক্ষোভের সৃষ্টি হয়। মাদক কারবারে বাধা সৃষ্টি হওয়াতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে নিজ বাড়ির পাশের একটি বাগানে মাসুমের ওপর অতর্কিত হামলা চালান রনি ও তাঁর অনুসারীরা। হামলাকারীরা হাতুড়ি দিয়ে মাসুমকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন।
এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত রনির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে ঘিওর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, পুলিশ তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাসুমকে মারধর, এলাকায় মাদক বিক্রি এবং রনির বাড়িতে ভাঙচুরের ঘটনা গভীরনভাবে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





