মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মাদক সেবনের দায়ে শাহ্ আলম (৫৫) নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফুকুরহাটি ইউনিয়নের জান্না উত্তরপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত শাহ্ আলম সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না উত্তরপাড়া এলাকার তরফ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাটুরিয়া উপজেলা প্রশাসন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম অভিযান পরিচালনা করেন। ফুকুরহাটি ইউনিয়নের জান্না উত্তরপাড়া এলাকা থেকে শাহ্ আলমকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। পরে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর সংশ্লিষ্ট ধারায় তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম বলেন, সমাজ থেকে মাদকের মতো ব্যাধি দূর করতে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে।





