মাদকের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মানিকগঞ্জের ঘিওরে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার এক ব্যতিক্রমী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে লাল রঙের ক্যাপ পরে ‘রেড অ্যালার্ট’ ঘোষণা করেন প্রায় ৬০০ সচেতন মানুষ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চরঘিওর গ্রামবাসীর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘মাদকমুক্ত দেশ চাই, নিরাপদ ভবিষ্যৎ চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় আব্দুল মজিদ স্মৃতি ব্যাডমিন্টন একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে তরুণ প্রজন্মকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে সবাইকে একমঞ্চে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী।
মাদকের ভয়াবহ পরিণতির কথা তুলে ধরে তিনি বলেন, তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। এজন্য কেবল আইন প্রয়োগ নয়, পরিবার ও সমাজের প্রতিটি স্তর থেকে সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি। সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে যুব-সমাজকে খেলাধুলা ও গঠন-মূলক কাজে সম্পৃক্ত করার ওপর বিশেষ জোর দেন তিনি।

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোহসিন (মাফিন) বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানোর সংকেত হিসেবেই আজকের এই লাল ক্যাপ পরিধান করা হয়েছে। এটি সমাজে একটি স্পষ্ট বার্তা দেয় যে, আমরা আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস হতে দেব না। ঐক্যবদ্ধ সচেতনতাই পারে সমাজকে এই অভিশাপ থেকে মুক্ত করতে। সমাজের সকল সচেতন নাগরিককে মাদকের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম, শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা এবং ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর।
চরঘিওর গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত উদ্যোগে আয়োজিত এই সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।





