শিরোনাম
Advertisement
সারাদেশ

পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় মানিকগঞ্জে ৩৬ নারীকে সম্মাননা

Advertisement
আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে মানিকগঞ্জে সম্মাননা স্মারক গ্রহণ শেষে অতিথিদের সঙ্গে গ্রামীণ নারীরাছবি: সারাক্ষণ সংবাদ

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অসামান্য অবদান রাখায় মানিকগঞ্জে ৩৬ জন গ্রামীণ নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের এগারশ্রী গ্রামে গ্রামীণ নারী দিবস উপলক্ষে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান ‘বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ’ (বারসিক) এবং ‘গ্রিন কোয়ালিশন, মানিকগঞ্জ’ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

​গ্রামীণ নারী কৃষকদের অনবদ্য অবদানকে স্বীকৃতি দেওয়া, তাঁদের ঐতিহ্যগত জ্ঞান ও দীর্ঘদিনের অভিজ্ঞতা জনসমক্ষে তুলে ধরা এবং পরিবেশবান্ধব কৃষি ও জীববৈচিত্র্য সংরক্ষণে তাঁদের নেতৃত্বকে আরও উৎসাহিত করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,গ্রামীণ নারীদের জ্ঞান, শ্রম, অধিকার ও অবদানের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি কৃষি, পরিবেশ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই গ্রামীণ উন্নয়নে নারীদের নেতৃত্বকে আরও সুসংহত করবে। আমাদের মনে রাখতে হবে, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গ্রামীণ নারীরাই মূল চালিকাশক্তি। তাঁদের দেশীয় প্রজ্ঞা ও পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি কেবল প্রকৃতিকে রক্ষা করছে না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও টেকসই বসুন্ধরা গঠনে অবদান রাখছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠন গুলোর এ ধরনের সহযোগিতা গ্রামীণ নারী উদ্যোক্তা ও কৃষকদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে।

​গ্রিন কোয়ালিশনের মানিকগঞ্জ সদর উপজেলা কমিটির সদস্য আসমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার, গ্রিন কোয়ালিশন মানিকগঞ্জের সভাপতি আব্দুল খালেক এবং বারসিকের জেন্ডার অ্যাডভাইজার খাদিজা সুলতানা লোপা।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বারসিকের পরিচালক সৈয়দ আলী বিশ্বাস, আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, কর্মসূচি সমন্বয়কারী রাশেদা আক্তার এবং ‘স্টেপ টুয়ার্ডস ডেভেলপমেন্ট’ -এর সমন্বয়ক খালেদা মাহবুব ছন্দা।

​বারসিক কর্মকর্তা আয়েশা আক্তারের সঞ্চালনায় সম্মাননাপ্রাপ্ত নারীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন, আঁখি আক্তার, ফাতেমা বেগম, পারভীন বেগম ও মঞ্জু বেগম।

​উল্লেখ্য, আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে এবারের প্রতিপাদ্য ছিল—‘নারীর জ্ঞান, সমৃদ্ধ বাঁচার পরিবেশের প্রাণ’। দিনব্যাপী এই আয়োজনে গ্রামীণ নারী কৃষকদের সম্মাননা প্রদানের পাশাপাশি স্থানীয় জাতের বীজ ও অপ্রচলিত উদ্ভিদের বৈচিত্র্য প্রদর্শন, ঐতিহ্যবাহী গ্রামীণ খাদ্য ও পিঠা উৎসব, কৃষি উপকরণ ও নারীদের উদ্ভাবিত কৃষিপ্রযুক্তি প্রদর্শনী এবং গ্রামীণ নারীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এ বিভাগের আরও সংবাদ