শিরোনাম
Advertisement
সারাদেশ

নেত্রকোনায় সাংবাদিক হত্যা: মাথা, গলা ও বুকে ৫ গুলি

Advertisement
নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরের পৌরসভার তেলুঞ্জিয়া এলাকায় এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে এ ঘটনা ঘটে।

তাঁর শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত লুৎফুজ্জামান আলিফ ফকিরের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামে। বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন তিনি। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ চালাতেন। পেজটিতে বিভিন্ন অনিয়ম ও অপরাধের বিষয়ে লেখালেখি করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সোয়া রাত ৮টার দিকে একটি চায়ের টংদোকানে বসেছিলেন আলিফ ফকির। এ সময় মোটরসাইকেলে এসে দুজন লোক তাঁকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়েন। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন তাঁকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে, গত বছরের ১০ নভেম্বর দুর্গাপুরের সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় লুৎফুজ্জামান আলিফ ফকিরকে কুপিয়ে আহত করেছিল দুর্বৃত্তরা।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমদ জানান, নিহত সাংবাদিকের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

সূত্র:বাংলাস্ট্রিম

এ বিভাগের আরও সংবাদ