মানিকগঞ্জের ঘিওরে সড়কের দুই পাশে বৃক্ষরোপণ ও চারা পুনঃস্থাপন কার্যক্রম পরিদর্শন করেছেন ইউএনও নাশিতা-তুল ইসলাম।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ঘিওর-জাবরা এবং ঘিওর-তিল্লী (ভায়া সিংজুরী) সড়কের বিভিন্ন পয়েন্টে সরেজমিনে উপস্থিত হয়ে তিনি এ কার্যক্রম তদারকি করেন।
উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিপূর্বে সড়ক দুটির দুই পাশে সাত শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছিল। তবে সম্প্রতি অতিবৃষ্টি ও প্রাকৃতিক প্রতিকূলতার কারণে বেশ কিছু চারা নষ্ট হয়ে যায়। প্রকৃতিকে সবুজ ও সুফলা করে তুলতে এবার নতুন করে মেহগনি, কাঁঠাল, পেয়ারা ও নিমসহ নানা প্রজাতির গাছের চারা রোপণ ও পুনঃস্থাপন করা হচ্ছে।
পরিদর্শনকালে গাছের টেকসই সুরক্ষা ও পরিচর্যার গুরুত্ব তুলে ধরে ইউএনও বলেন, কেবল চারা রোপণ করাই আমাদের মূল উদ্দেশ্য নয়। চারা গুলোকে সুন্দর ভাবে বাঁচিয়ে রেখে পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত করাই হলো আসল চ্যালেঞ্জ। পরিবেশের সার্বিক সুরক্ষায় এই গাছ গুলো আগামী দিনের সম্পদ। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি রোপণকৃত চারা গুলোর নিয়মিত পরিচর্যা ও সুরক্ষায় স্থানীয় বাসিন্দাদেরও দায়িত্বশীল ভূমিকা নিয়ে এগিয়ে আসা প্রয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুশীতল ও সবুজ বাসযোগ্য পরিবেশ উপহার দিতে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এলজিআরডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী,উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিন আলম এবং পল্লী বিদ্যুৎ ঘিওর জোনাল অফিসের ডিজিএম মোঃ আলীবদী খান সুজন।





