শিরোনাম
Advertisement
সারাদেশ

মানিকগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপিত

Advertisement
মানিকগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিছবি: সারাক্ষণ সংবাদ

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে মানিকগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপিত হয়েছে।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং মানিকগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

​আলোচনা সভায় বক্তারা দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল নিশ্চিতকরণ, তাঁদের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, সাদাছড়ি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীন ও নিরাপদে চলাচলের অন্যতম প্রধান সহায়কমূলক মাধ্যম। তাঁদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করতে সাদাছড়ির ব্যবহার ও গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি।

​সভায় আরও জানানো হয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে থেরাপি, কাউন্সেলিং এবং চলাচলের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

​বক্তারা উল্লেখ করেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল নিশ্চিত করা কেবল সরকারের একা দায়িত্ব নয়। এটি সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। রাস্তা পারাপারে তাঁদের সহযোগিতা করা, সাদাছড়িধারীদের পথ ছেড়ে দেওয়া এবং ফুটপাত ও গণপরিবহনে প্রতিবন্ধীবান্ধব পরিবেশ নিশ্চিত করা। ট্যাকটাইল টাইলস স্থাপনসহ প্রয়োজনীয় অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান জানান তাঁরা।

​জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী, পুলিশ সুপারের প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মিনার উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার, রিসোর্স শিক্ষক নিয়াজ মোর্শেদ, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জোবায়দা গুলশান আরা, মানিকগঞ্জ সিআরপি’র অধ্যক্ষ মাহবুবুল ইসলাম, বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান এবং এমডিপিওডি’র পরিচালক এন্তাজ আলী বক্তব্য রাখেন।

​দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

এ বিভাগের আরও সংবাদ