মানিকগঞ্জের ঘিওরে ডেঙ্গু প্রতিরোধ এবং একটি সুস্থ ও মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬” পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় ঘিওর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সংলগ্ন বেইলি ব্রিজ এলাকায় এ বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
অভিযানে সক্রিয়ভাবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম।
তিনি বলেন,এই এলাকাটি দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় মশার প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছিল। একই সঙ্গে জনবিচ্ছিন্নতার সুযোগে স্থানটি মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছিল। আজকের এই পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে যেমন মশার বংশবৃদ্ধি রোধ করে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।তেমনি এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সামাজিক পরিবেশ বজায় রাখতেও এটি ভূমিকা রাখবে।
একটি পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গড়ে তুলতে হলে কেবল প্রশাসনের একার উদ্যোগই যথেষ্ট নয়। আমাদের তরুণ প্রজন্ম, অভিভাবক এবং সর্বস্তরের নাগরিকদের সমন্বিত সচেতনতা প্রয়োজন। আসুন, আমরা নিজে সচেতন হই এবং আমাদের চারপাশকে মাদক ও রোগব্যাধিমুক্ত রাখতে একযোগে কাজ করি।
অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঘিওর দুর্গা নারায়ণ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ মহসিন, উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিন আলম, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ আলী এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাকির ইকবাল।
অনুষ্ঠানে ঘিওর দুর্গা নারায়ণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
কর্মসূচি শেষে ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।





