ভূমিকম্প ও অগ্নিকাণ্ডসহ যেকোনো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় মানিকগঞ্জে ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উপলক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বর এবং ঘিওর ও সাটুরিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৃথকভাবে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটির এ বছরের মূল প্রতিপাদ্য ছিল— ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’।
জেলা প্রশাসন, সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত মহড়ায় ফায়ার সার্ভিসের অভিজ্ঞ সদস্যরা ভূমিকম্পের সময় আত্মরক্ষা এবং রান্নার গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তা দ্রুত ও নিরাপদে নিয়ন্ত্রণের নানা কৌশল প্রাকটিক ভাবে প্রদর্শন করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক কিংবা প্রযুক্তিগত দুর্যোগকে পুরোপুরি রোধ করা হয়তো মানুষের পক্ষে সম্ভব নয়। তবে সঠিক আগাম প্রস্তুতি, নিয়মিত প্রশিক্ষণ এবং সর্বস্তরের জনসচেতনতার মাধ্যমে জীবনের ঝুঁকি ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে হ্রাস করা সম্ভব।
দুর্যোগ সহনশীল সমাজ ও রাষ্ট্র গঠনে কেবল প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়। প্রতিটি পরিবার ও ব্যক্তি পর্যায় থেকেও সচেতনতার চর্চা শুরু করতে হবে।
বিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ নাগরিক সবাইকে প্রাথমিক দুর্যোগ মোকাবিলা ও উদ্ধারের সাধারণ কৌশলগুলো আয়ত্ত করার আহ্বান জানান তাঁরা।
মানিকগঞ্জ জেলা পর্যায়ের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. লুৎফর রহমান।
অন্যদিকে, ঘিওর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম এবং সাটুরিয়া উপজেলায় ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম নিজ নিজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উক্ত কর্মসূচিসমূহে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন।





