মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বিভিন্ন ওষুধ ফার্মেসিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাতটি মামলায় মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওষুধ বিক্রিতে অনিয়ম প্রতিরোধ, মেয়াদোত্তীর্ণ পণ্য প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে নানা অনিয়মের দায়ে ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর সংশ্লিষ্ট বিভিন্ন ধারায় সাতটি পৃথক মামলা দায়ের করা হয় এবং তাৎক্ষণিকভাবে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম বলেন,ফার্মেসিতে যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধ এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় আমরা নিয়মিত মনিটরিং ও তদারকি চালিয়ে যাচ্ছি। চিকিৎসাসেবার মতো সংবেদনশীল ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ, নকল বা অবৈধ ওষুধ বিক্রি করে সাধারণ মানুষের জীবন ও জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলার কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না। আমরা চাই প্রতিটি ফার্মেসিতে যেন সঠিক ও গুণগত মানসম্পন্ন ওষুধ সংরক্ষিত থাকে এবং সাধারণ মানুষ যেন কোনো প্রতারণার শিকার না হন। জনস্বার্থে এবং এলাকাকে অনিয়মমুক্ত রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।





