অস্বাস্থ্যকর ফুচকা ও বেশি দামে ফল বিক্রির দায়ে মানিকগঞ্জে তিন ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার জয়রা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘শফিকুল ফুচকা’র মালিক শফিকুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারার অধীনে এই জরিমানা করা হয়।
এর আগে সকালে শিবালয় উপজেলার আরিচা বাজারে পরিচালিত পৃথক অভিযানে নিয়ম লঙ্ঘন করে মূল্যতালিকা না টাঙানো এবং অতিরিক্ত মূল্যে ফল বিক্রির দায়ে ‘আফজাল ফল ভান্ডার’-এর মালিক আফজাল হোসেন এবং ‘ইয়াসিন ফল ভান্ডার’-এর মালিক ইয়াসিনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধে একই আইনের ৩৮ ও ৪৫ ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
উল্লেখ্য, দিনব্যাপী এই অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোছা. রৌশন আরা বেগম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।





