মানিকগঞ্জের শিবালয়ে পদ্মা ও যমুনা নদীতে অভিযান চালিয়ে ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩০ হাজার মিটার কারেন্ট জালসহ চার জেলেকে আটক করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
পরে রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক চার জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন শিবালয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার।
ইউএনও মনিষা রানী কর্মকার জানান, মা ইলিশ সংরক্ষণে সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইলিশের উৎপাদন ও প্রজনন নিশ্চিত করতে তিনি জেলেসহ সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান।
অভিযানে মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. শেখ মনিরুল ইসলাম মনির, জেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসেন এবং শিবালয় উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগীসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কোস্ট গার্ড এবং নৌ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।





