শিরোনাম
Advertisement
শিক্ষা

বৃত্তি পেলেই সপরিবারে কক্সবাজার, ট্যালেন্টপুলে নেপাল ভ্রমণের সুযোগ

Advertisement
মো. ফেরদৌস রহমান (বিএসসি)ছবি: সারাক্ষণ সংবাদ

মানিকগঞ্জের কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি অর্জনে উৎসাহিত করতে ব্যতিক্রমী পুরস্কারের ঘোষণা দিয়েছেন নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. ফেরদৌস রহমান (বিএসসি)।

সাধারণ বৃত্তি পেলে পরিবারসহ কক্সবাজার এবং ট্যালেন্টপুলে বৃত্তি পেলে নেপাল ভ্রমণের সুবর্ণ সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ‘শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভায়’ এডহক কমিটির সভাপতি হিসেবে প্রথম দিনের দায়িত্ব পালনকালে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

​এডহক কমিটির সভাপতি ফেরদৌস রহমান বলেন, একটি উন্নত ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার মূল চালিকাশক্তি হলেন আমাদের শিক্ষকমণ্ডলী। শিক্ষার কাঙ্ক্ষিত পরিবেশ ও গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক এবং পরিচালনা পর্ষদকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকনির্ভর না করে নীতি-নৈতিকতা, শৃঙ্খলা ও মূল্যবোধে বলীয়ান সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।

​তিনি আরও বলেন, বিদ্যালয়ের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার আধুনিকায়ন ত্বরান্বিত করতে মানিকগঞ্জ-১ আসনের সুযোগ্য সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা গ্রহণ করা হবে। বিদ্যালয়ের পরিবেশকে আরও শিক্ষাবান্ধব করে তুলতে যে সকল পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা বাস্তবায়নে আমি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাজেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক মো. মনজুর রহমান, মো. ফরহাদ হোসেন, মো. জহিরুল ইসলাম, আশরাফ হোসেন এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. লুৎফর রহমানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

​সভা শেষে নবগঠিত কমিটির সভাপতি ফেরদৌস রহমান বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে অত্যন্ত স্নেহপূর্ণ পরিবেশে তাদের পড়াশোনা ও পাঠ্যক্রমের খোঁজখবর নেন এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান।

এ বিভাগের আরও সংবাদ