বর্তমান বিশ্ব একটি নেতৃত্ব সংকটের সম্মুখীন। নেতাদের মধ্যে মানবিক ও বিশ্বজনীন দৃষ্টিভঙ্গির অভাবে বহু বস্তুগত উন্নয়ন সত্ত্বেও নৈতিকতা, মূল্যবোধ ও মানবিকতার সংকট প্রকট হয়ে উঠছে। মূল্যবোধ বলতে বোঝায় জীবনে যা গুরুত্বপূর্ণ—নিরাপত্তা, স্বাধীনতা, প্রজ্ঞা, সাফল্য, দয়া ও আনন্দ। প্রতিটি মানুষের মধ্যে ভিন্ন গুরুত্বসহ অসংখ্য মূল্যবোধ নিহিত থাকে; একজনের কাছে যা মূল্যবান, অন্যের কাছে তা নাও হতে পারে। মূল্যবোধ মূলত আবেগের সাথে জড়িত বিশ্বাস, নিছক নিরপেক্ষ ধারণা নয়। নির্দিষ্ট কাজ-পরিস্থিতি অতিক্রম করে বিমূর্ত লক্ষ্য হিসেবে কাজ করে বলেই এটি আদর্শ বা মনোভাব থেকে আলাদা, এবং আমাদের কাজ, নীতি, মানুষ ও ঘটনার নির্বাচন বা মূল্যায়নে পথ দেখায়।
মানুষের আচরণকে সঠিক পথে পরিচালনা করার একটি প্রয়াস হলো নৈতিকতা, যা নৈতিক নীতি প্রয়োগের মাধ্যমে মানুষকে একটি ভালো ও নৈতিক জীবনযাপনে সহায়তা করার চেষ্টা চালায়। নৈতিকতা বলতে বোঝায় সঠিক ও ভুলের বা ন্যায়-অন্যায়ের বা ভাল-মন্দের সুপ্রতিষ্ঠিত মানদণ্ড, যা অধিকার, কর্তব্য, সমাজের কল্যাণ, ন্যায্যতা বা বিশেষ কোনো গুণাবলির নিরিখে মানুষের কী করা উচিত আর কি করা উচিত নয়—তা নির্দেশ করে। নৈতিকতা মূলত সততা, ঔচিত্য এবং অনৌচিত্যের প্রশ্নের সঙ্গে সম্পর্কিত। সঠিক হলে তা নৈতিক, এবং ভুল হলে তা অনৈতিক। নৈতিক আলোচনায় ‘মূল্যবোধ’ একটি গুরুত্বপূর্ণ ধারণা। মূল্যবোধ একটি সংস্কৃতির নিয়ম-নীতির সঙ্গে সম্পর্কিত হলেও তা তার থেকে অনেক বেশি বিস্তৃত এবং বিমূর্ত। যেমন কোনো কোনো সংস্কৃতির নিয়ম-নীতি পরিবার, প্রতিবেশী, স্বজন, বন্ধুসহ সমাজের অন্যান্য প্রাণীদের প্রতিও সম্মান ও সহায়তার মূল্যবোধকে প্রতিফলিত করে। বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্ন ধরণের মূল্যবোধ প্রতিফলিত হয়। গত তিন দশকে সাধারণ বয়সের কলেজ-পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে ব্যক্তিগত স্বার্থ ও কল্যাণ নিয়ে যে পরিমাণ আগ্রহ বেড়েছে, অন্যদের কল্যাণের প্রতি তাদের আগ্রহ ঠিক ততটায় হ্রাস পেয়েছে। নীতিশাস্ত্রে ‘মূল্যবোধ’-এর একক সংজ্ঞা নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি একে সংজ্ঞায়িত করে “কোনো ব্যক্তি বা সামাজিক গোষ্ঠীর নীতি বা নৈতিক মানদণ্ড” হিসেবে, আর রোকিচ ও কারনাগানের মতে, মূল্যবোধ হলো “স্থায়ী বিশ্বাস, যা লক্ষ্য অর্জনের উপায় বা লক্ষ্য নির্বাচনে প্রভাব বিস্তার করে।”
এই সংকট নিছক তাত্ত্বিক নয়। ব্যক্তিগত লোভ, স্বার্থপরতা, উদাসীনতা ও আলস্যের কারণে সমাজ আজ গভীর মূল্যবোধ সংকটে নিমজ্জিত, যা ব্যক্তিগত-সরকারি, অর্থনৈতিক-রাজনৈতিক—সব ক্ষেত্রে দুর্নীতির জন্ম দিয়েছে। বাংলাদেশের সংবিধানে সিভিল সার্ভেন্টদের জন্য নৈতিকতা নিয়ে পৃথক অধ্যায় না থাকলেও কয়েকটি অনুচ্ছেদে এর ভিত্তি আছে। অনুচ্ছেদ ২১-এ বলা হয়েছে, “প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তি জনগণের সেবক এবং সর্বাবস্থায় জনগণের সেবায় নিয়োজিত থাকবেন।” অনুচ্ছেদ ২০ অনুপার্জিত আয় ভোগ থেকে অসমর্থ করার বিধান দেয়, যা দুর্নীতিবিরোধী চেতনার সাংবিধানিক ভিত্তি; আর অনুচ্ছেদ ১৩৬ কর্মবিভাগ গঠনের ক্ষমতা দেয়, যার ভিত্তিতে সরকারি চাকরি আইন প্রণীত হয়েছে।
প্রশাসকদের জন্য নৈতিক আচরণবিধির প্রশ্নে স্টুয়ার্ট সি. গিলম্যান বলেছেন, “প্রতিটি ক্ষেত্রেই আচরণবিধি কেবল সাধারণ কর্তব্য ও সতর্কবার্তা বহন করে না, বরং তার চেয়েও আরো বেশি কিছু বহন করে। এতে প্রায়শই শ্রেষ্ঠত্বের একটি দর্শন প্রতিফলিত হয়—ব্যক্তি ও সমাজের কী লক্ষ্যে প্রয়াস করা উচিত এবং তারা কী অর্জন করতে পারে, তার একটি রূপরেখা। এই অর্থে আচরণবিধিকে অনেকে ভুলবশত আইনের অংশ বা নিছক আকাঙ্ক্ষার বিবৃতি মনে করেন, কিন্তু বাস্তবে এগুলোই নাগরিক প্রত্যাশার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিফলন।” আচরণবিধি এবং কোনো পেশার সম্পর্ক বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, “সরকারি কর্মচারী বা চিকিৎসকদের মতো নির্দিষ্ট শ্রেণির মানুষের ক্ষেত্রে প্রয়োগ করা হলে, আচরণবিধিই তাদের চূড়ান্ত নির্দেশিকা।” এগুলো সেই ভিত্তি, যার ওপর একটি পেশা গড়ে ওঠে। প্রায়শই পেশাজীবীরা এই আচরণবিধিকেই ব্যবহার করেন তাঁদের “পেশাদার” হওয়ার দাবি প্রতিষ্ঠায়, এবং এটি প্রায়শই একটি পেশার প্রতিষ্ঠাপত্র হয়ে দাঁড়ায়—যেমন চিকিৎসাশাস্ত্রে হিপোক্রেটিক শপথ। সব শপথই আচরণবিধি নয়, কিন্তু বহু ক্ষেত্রে দেখা যায়, আচরণবিধি নানা ধর্মে ধর্মগুরুদের অভিষেক অনুষ্ঠানে বা বিশ্বের বিভিন্ন রাজনৈতিক নেতার শপথগ্রহণ অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে।
গণতন্ত্রে প্রতিটি সরকারি পদাধিকারী শেষ পর্যন্ত জনগণের কাছেই দায়বদ্ধ। এই দায়বদ্ধতা প্রয়োগ করা হয় আইন ও নিয়মের একটি ব্যবস্থার মাধ্যমে, যা জনগণের নির্বাচিত প্রতিনিধিরা তাঁদের আইনসভায় প্রণয়ন করেন। নীতিশাস্ত্রই এই আইন ও নিয়ম তৈরির ভিত্তি প্রদান করে। এছাড়া, গণতন্ত্রে যিনি সরকারি পদে থাকেন, তিনি তাঁর ক্ষমতা ও কর্তৃত্ব জনগণের কাছ থেকেই পান। প্রতিষ্ঠানকে কর্মীদের জন্য এমন একটি ইতিবাচক পরিবেশ তৈরি করতে হবে, যেখানে তারা একে অপরের কাজে হস্তক্ষেপ না করে নিজ নিজ কাজে মনোনিবেশ করতে পারেন। একজন নীতিনিষ্ঠ প্রশাসক কোনো নির্দিষ্ট বিষয় পরিচালনার ক্ষেত্রে প্রাসঙ্গিক সমস্ত মানদণ্ড ও মূল্যবোধ বিবেচনা করবেন এবং আচরণবিধির অন্তর্নিহিত মর্মবস্তু ও আক্ষরিক নির্দেশনা—দুটোই মেনে চলার প্রতি অঙ্গীকারবদ্ধ থাকবেন। এই প্রসঙ্গে আমেরিকান সোসাইটি ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের আচরণবিধির মূল দিকগুলো উল্লেখযোগ্যঃ জনস্বার্থ রক্ষা (ব্যক্তিগত সেবার ঊর্ধ্বে জনসেবাকে স্থান দেওয়া), সংবিধান ও আইনের প্রতি সম্মান (আইন মান্য করা, জনকল্যাণে নীতি-উন্নয়নে সচেষ্ট থাকা), গণতান্ত্রিক অংশগ্রহণে উৎসাহ (স্বচ্ছ, উন্মুক্ত ও প্রতিক্রিয়াশীল আচরণ), সামাজিক ন্যায্যতা মজবুত করা (বৈষম্য কমাতে সক্রিয় ভূমিকা), সঠিক তথ্য ও পরামর্শ প্রদান (নির্ভুল, সৎ ও সময়োপযোগী তথ্য দেওয়া), ব্যক্তিগত সততার প্রতি অঙ্গীকার (সাহস, সহানুভূতি ও আশাবাদের চর্চা), নীতিনিষ্ঠ প্রতিষ্ঠান গড়ে তোলা ও পেশাগত উৎকর্ষতার জন্য প্রয়াস।
সিভিল সার্ভেন্টদের জন্য একটি যথাযথ ও বিস্তারিত নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন, যেখানে দায়িত্ব পালনের সময় তাঁদের কী করা উচিত এবং কী করা উচিত নয়—তা সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে। একজন সিভিল সার্ভেন্টের কাছ থেকে প্রত্যাশিত বিভিন্ন মানদণ্ডের একটি স্পষ্ট তালিকাও এতে থাকা উচিত। নবনিযুক্ত সিভিল সার্ভেন্টদের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তোলার জন্য প্রশিক্ষণ ব্যবস্থাকেও যথাযথভাবে গড়ে তোলা এবং পরিমার্জিত করা প্রয়োজন। এই নীতিমালার দৃষ্টান্ত বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত প্রাসঙ্গিক এবং জনকল্যাণ ও নীতি-প্রকল্পের সঠিক বাস্তবায়নের জন্য প্রতিটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে এর প্রয়োগ হওয়া আবশ্যক। বাংলাদেশের মতো একটি কল্যাণমূলক রাষ্ট্রে, প্রশাসনিক ও সামাজিক ক্ষেত্রে এই ধরনের পেশাগত নীতিমালা প্রণয়ন এবং তার বাস্তবায়ন এখন সময়ের দাবি, কারণ আমরা আজ বহু সমস্যা এবং এমন কিছু অসৎ পেশাজীবীর মুখোমুখি, যারা জাতীয় কল্যাণের প্রতি দায়বদ্ধতা প্রদর্শনে ব্যর্থ হয়েছেন কয়েক যুগ ধরেই।
এই আলোচনাকে আরেকটু বিস্তৃত পরিসরে দেখা যাক। বিশ্বব্যাপী বেসরকারিকরণের ধারণা নতুন সরকারি প্রশাসনে উৎসাহিত হয়েছে। Emanuel S. Savas (২০০০) তাঁর গবেষণায় “privatization in new public management”-এর ধারণা তুলে ধরেন, যা প্রশাসকদের সুবিবেচনাকে গুরুত্ব না দেওয়ার প্রবণতাকে প্রশ্নবিদ্ধ করে। এই প্রেক্ষাপটে Terry L. Cooper (২০০৪)-এর মতো নৈতিক দৃষ্টিভঙ্গির প্রবক্তারা প্রশাসকদের নৈতিক কর্তব্য ও নাগরিক অংশগ্রহণের গুরুত্বের তাত্ত্বিক ভিত্তি স্থাপন করেন। বাংলাদেশের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ চারটি নীতি হলো—শাসনব্যবস্থার গণতান্ত্রিক দায়বদ্ধতা, আইনের প্রয়োগ ও বৈধতা, আমলাতান্ত্রিক সততা, এবং নাগরিক সমাজের প্রয়োজনের প্রতি সজাগতা।
যুক্তরাজ্যের ‘Committee on Standards in Public Life’ (নোলান কমিটি) জনজীবনের সাতটি মূল নীতি উল্লেখ করেছেঃ স্বার্থহীনতা (একমাত্র জনস্বার্থের নিরিখে কাজ করা), সততা (এমন কোনো বাধ্যবাধকতায় না জড়ানো যা কর্তব্যে প্রভাব ফেলে), নিরপেক্ষতা (যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া), দায়বদ্ধতা (সিদ্ধান্ত ও কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি), স্বচ্ছতা (সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করা), সততা ও নিষ্ঠা (স্বার্থের সংঘাত প্রকাশ ও সমাধান) এবং নেতৃত্ব (নিজের দৃষ্টান্তের মাধ্যমে এই নীতি প্রচার করা)। এর সঙ্গে জড়িত ‘প্রোবিটি’ বা সততার চর্চা—যার অর্থ অখণ্ডতা ও ন্যায়পরায়ণতা—যা ক্রয়প্রক্রিয়া ও প্রশাসনে আস্থা তৈরি করে এবং ঝুঁকি ব্যবস্থাপনার খরচ কমায়।
এবার বাংলাদেশের বাস্তবতায় ফিরে আসা যাক। দৈনন্দিন আচরণ, শিষ্টাচার ও অসদাচরণের সংজ্ঞা নির্ধারণ করে সরকারি শৃঙ্খলা রক্ষার মূল হাতিয়ার হিসেবে ব্যবহৃত ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’ নামে আচরণবিধি জারি করলেও তাতে সিভিল সার্ভেন্টদের অনুসরণযোগ্য মূল্যবোধ বা কোনো নীতিমালা নির্ধারিত নেই। এই নিয়মাবলি মূলত ‘কী করা উচিত’ এবং ‘কী করা উচিত নয়’—এমন নির্দেশনার মধ্যেই সীমাবদ্ধ। সরকারি কর্মচারীদের অসদাচরণ বা দুর্নীতির ঘটনা মোকাবিলায় এই নিয়মগুলো একেবারেই অপ্রতুল, কারণ এতে অসাধু ব্যক্তিদের জন্য বহু ফাঁকফোকর রয়ে গেছে। কাজেই সময় থাকতে এই পুরনো নিয়মাবলি বাতিল করে সিভিল সার্ভেন্টদের জন্য একটি নতুন নীতিমালা প্রণয়ন করাও হয়তো দরকার যার উদ্দেশ্য থাকবে সরকারি সেবায় প্রযোজ্য সততা ও আচরণের মানদণ্ড নির্ধারণ করা। এতে জনমন্তব্য, সরকারি তথ্য প্রকাশ, সরকারি সেবার সমন্বয়কারী ভূমিকা এবং পেশাদারিত্ব ও দলগত কাজের মাধ্যমে ধারাবাহিক উন্নয়নের মতো বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে বলে আশা রাখি। ‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪’ সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনের গঠন, ক্ষমতা, তদন্ত ও গ্রেফতারের ক্ষমতা নির্ধারণ করলেও সরকারি কর্তাব্যক্তিদের রাজনৈতিক প্রভাব, অর্থের বিনিময়ে সুবিধা নিয়ে কৃত অপরাধ থেকে পরিত্রাণসহ আরো নানান প্রক্রিয়া এই আইনটিকেও প্রায় নাজুক করে ফেলেছে। যে দলই ক্ষমতায় আসুক না কেন সে নিজের সুবিধামতো প্রতিষ্ঠান ও আইন নিয়ন্ত্রণে ব্যতিব্যস্ত থাকায় এই বর্তমান পরিস্থিতি বিদ্যমান। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশন সিভিল সার্ভিসের কাঠামো, নিয়োগ ও নৈতিকতা নিয়ে ব্যাপক সংস্কার সুপারিশ পেশ করেছে, যদিও কিছু ক্যাডার সংগঠন এর কিছু সুপারিশে আপত্তি জানিয়েছিল। মোদ্দাকথা, উন্নত দেশের মতো বাংলাদেশে এখনও সিভিল সার্ভেন্টদের জন্য পৃথক ও সুসংহত “নীতিমালা” (Code of Ethics) প্রণীত হয়নি — বিদ্যমান আচরণবিধি (১৯৭৯) মূলত নিয়ন্ত্রণমূলক বিধান, ইতিবাচক মূল্যবোধ-ভিত্তিক দিকনির্দেশনা নয়। ‘জাতীয় শুদ্ধাচার কৌশল, ২০১২’ এই ঘাটতি পূরণের একটি প্রাতিষ্ঠানিক প্রয়াস মাত্র ছিল। আসলে, নৈতিক আচরণের মূল কথা কোনো আদর্শবাণী বা বড় বড় শব্দে নিহিত নয়, বরং তার প্রকৃত প্রয়োগে, লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থায়, লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও দ্রুত শাস্তি প্রদানের জন্য সক্ষম শৃঙ্খলাবিধিমূলক সংস্থা প্রতিষ্ঠায়, এবং সততার একটি সংস্কৃতি গড়ে তোলার মধ্যেই নিহিত। সিভিল সার্ভিস মূল্যবোধ সকল সরকারি কর্মচারীর কাছে আদর্শ হওয়া উচিত, যা স্পষ্টভাবে সংজ্ঞায়িত করে সরকারের সকল স্তর এবং আধা-সরকারি সংস্থার ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া প্রয়োজন।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২০১৪ সালের সিলেবাস অনুযায়ী ৩৫তম বিসিএস থেকে প্রিলিমিনারি পরীক্ষায় “নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন” বিষয়ে ১০ নম্বর অন্তর্ভুক্ত হয়, যা ৫০তম বিসিএস থেকে বাড়িয়ে ১৫ নম্বর করা হয়েছে—বিষয়টির ক্রমবর্ধমান গুরুত্বের প্রমাণ। তবে প্রশ্ন থেকে যায়, এই নম্বর কি যথেষ্ট? লিখিত পরীক্ষাতেও নীতিশাস্ত্র, মানবিক সম্পর্ক ও প্রশাসনিক নৈতিকতা নিয়ে পূর্ণাঙ্গ প্রশ্ন-প্যাটার্ন থাকা জরুরি। ২৬ জানুয়ারি ২০২৬-এ দৈনিক প্রথম আলোয় প্রকাশিত এক সংবাদে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে এক সভায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য ‘নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শিক্ষা’ কোর্স এবং চতুর্থ বর্ষ-মাস্টার্স পর্যায়ে কর্মশালা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়—যা প্রমাণ করে, এই আবেদন দিনকে দিন বাড়ছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনও যদি নিয়োগ পরীক্ষা বা প্রশিক্ষণে এমন বিশদ আলোচনা অন্তর্ভুক্ত করে, তা হবে সুদূরপ্রসারী প্রচেষ্টা।
মূল্যবোধ ও নৈতিকতার এই আলোচনায় প্রাচীন প্রজ্ঞাও প্রাসঙ্গিক। সুশাসনের লক্ষ্য জনগণের সুখ, ন্যায় ও কল্যাণ; এর উপায় জনগণের যুক্তিসম্পন্ন ইচ্ছাশক্তি ও নৈতিক শক্তির বিকাশ, এবং সংখ্যালঘুদের প্রতি সহনশীলতা ও “অন্ত্যোদয়”—সমাজের সর্বনিম্ন স্তরের কল্যাণ। অসাম্প্রদায়িক বাংলাদেশের নীতিদর্শনের সমৃদ্ধ ঐতিহ্য আল-কোরান, ত্রিপিটক, বাইবেল, ভগবদ্গীতা প্রভৃতি ধর্মগ্রন্থ থেকে উদ্ভূত।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির মধ্যে দয়া, মমতা ও ঐক্যের সমাজ প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করেন। তাঁর বাণী: “সৃষ্টিজগৎ আল্লাহ তাআলার পরিবার; আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ইবাদত সেটাই, যা তাঁর পরিবারের জন্য কল্যাণকর।” (ইমাম বায়হাকি, শুআবুল ইমান, হাদিস: ৭,৪৪৪) নবুয়তপ্রাপ্তির পর তিনি বলতেন, “আমি আমার তরুণ বয়সেই আমার চাচাদের সঙ্গে কল্যাণকামী মানুষদের চুক্তিতে অংশগ্রহণ করেছিলাম। এই চুক্তি ভাঙার জন্য কেউ যদি আমাকে একটি রক্তবর্ণের উটও দিত, তবু তা করতাম না।” (মুসতাদরাকে হাকিম, ২/২২০; সিরাতে ইবনে হিশাম, ১/১৩৩)।
রাজনীতিবিজ্ঞানী চাণক্য (কৌটিল্য) খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে রচিত “অর্থশাস্ত্র”-এ সুশাসনের দশটি নির্দেশক তুলে ধরেন, যার মূলে আছে—রাজার ব্যক্তিসত্তা ও কর্তব্যের একীকরণ, দক্ষ প্রশাসন, চরমপন্থা পরিহার, নির্দিষ্ট বেতন-ভাতা, আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্নীতির বিরুদ্ধে দণ্ডমূলক ব্যবস্থা, যোগ্যতাভিত্তিক নিয়োগ এবং সুনির্দিষ্ট আচরণবিধি। চাণক্যের ‘রাজর্ষি’ ধারণা—ঋষির মতো জ্ঞানী, আত্মসংযমী ও ন্যায়পরায়ণ শাসক—প্লেটোর ‘দার্শনিক-রাজা’ ধারণার সাদৃশ্যপূর্ণ।
সরকারি প্রশাসনে মূল্যবোধ নিয়ে আলোচনায় গুরুত্বপূর্ণ প্রশ্ন—নীতিবিধি বাস্তবায়নে সমস্যা কী; সরকারি-বেসরকারি উভয় প্রতিষ্ঠান তা অনুসরণ করছে কি না; আইন, বিধি ও বিবেক নৈতিক নির্দেশনার উৎস হিসেবে বিবেচিত হচ্ছে কি না; এবং দায়বদ্ধতা ও নীতিনিষ্ঠ শাসনব্যবস্থা সর্বাগ্রে স্থান পাচ্ছে কি না।
শেষ কথা এইটুকুই— জন প্রশাসন এমন একটি পেশা, যা নৈতিক বা অনৈতিক সিদ্ধান্ত নেওয়ার, নৈতিক বা অনৈতিক পছন্দ করার, এবং মানুষের প্রতি ভালো বা মন্দ কিছু করার অসাধারণ বৈচিত্র্যময় সুযোগ প্রদান করে। সকল সরকারি চাকুরিজীবী কর্তাব্যক্তিদের কাছে বিনীত অনুরোধ থাকবে, যদি আপনি এই ক্ষেত্রে প্রবেশ করেন, তবে নিজেকে সর্বদা স্মরণ করিয়ে দেবেন— আপনার সিদ্ধান্তে মানুষ কীভাবে উপকৃত বা ক্ষতিগ্রস্ত হতে পারে। যেকোনো প্রেক্ষাপটেই এর চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কমই আছে, কিন্তু জাতির জনজীবনের প্রেক্ষাপটে, এর চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়তো আর কিছুই নেই।
লেখক:
সজীব সরকার
পিএইচডি গবেষক, কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়, ভারত।
Email: sajibhira39@gmail.com or phd.philsajib@kuk.ac.in
no posts found