টাঙ্গাইলের নাগরপুরে পাঁচটি তাজা গাঁজা গাছসহ রাসেল মিয়া (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে মাদকবিরোধী এক বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাসেল মিয়া টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের সারাংপুর গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়া ওরফে লাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নাগরপুর উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে থানা-পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) ফারুক আহমদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। মঙ্গলবার রাতে রাসেল মিয়ার বসতবাড়িতে অভিযান চালিয়ে পাঁচটি তাজা গাঁজা গাছসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে পাঁচটি গাঁজা গাছসহ রাসেল মিয়াকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।