মানিকগঞ্জের সাটুরিয়ায় এলপিজি গ্যাসের অবৈধ মজুত, নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রি এবং ভেজাল ছানা প্রস্তুতের দায়ে পাঁচ ব্যবসায়ীকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৭ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত সাটুরিয়া উপজেলার বিভিন্ন বাজার ও খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযান চলাকালে গ্যাস অবৈধ ভাবে মজুত ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে দরগ্রাম বাজারের মোকাদ্দেছ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, সাটুরিয়া বাজারের আবদুল্লাহ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং মাছরাঙ্গা এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ক্ষতিকর ও ভেজাল উপকরণ দিয়ে ছানা তৈরির অপরাধে ব্যবসায়ী হারাধন ঘোষকে ৩০ হাজার টাকা এবং জীবন ঘোষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, গ্যাসের কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে বিভিন্ন খুচরা দোকান ও ডিলার পয়েন্টে অভিযান চালানো হয়। অভিযানে গ্যাস বিক্রিতে অনিয়মের প্রমাণ পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ১২৫টি এলপিজি সিলিন্ডার জব্দ করা হয়। পরে জব্দকৃত সিলিন্ডারগুলো সাধারণ ক্রেতাদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। পাশাপাশি ভেজাল উপকরণ দিয়ে ছানা উৎপাদন করার দায়ে দুই জনকে ৮০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মানিকগঞ্জ জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা, স্যানিটারি পরিদর্শক এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।