বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করে স্বাভাবিক শিক্ষাজীবনে ফিরছে মানিকগঞ্জ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী।
আগামীতে তারা সাধারণ বিদ্যালয় ও মাদ্রাসায় ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যাবে। এ উপলক্ষে মঙ্গলবার বিদ্যালয়ে তাদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ২টায় বিদ্যালয় কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের যথাযথ শিক্ষা, প্রশিক্ষণ ও পরিচর্যা দেওয়া গেলে তাদের মেধা ও প্রতিভার পূর্ণ বিকাশ ঘটানো সম্ভব। তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা, তাদের প্রতিভা বিকাশ এবং আত্মনির্ভরশীল করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। মূলত এসব শিশুকে উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করা এবং তাদের প্রতি সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
মানিকগঞ্জ প্রেসক্লাব তথা মানিকগঞ্জ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাসের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাফরোজা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. গিয়াস মাহমুদ এবং মানিকগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার।
এ ছাড়া অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্পাদক মিজানুর রহমান খান, সহকারী ফিজিওথেরাপিস্ট মোছা. তানিয়া সুলতানা ও অভিভাবক রোমেজা আক্তারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।





