টাঙ্গাইলের নাগরপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘চাষাভাদ্রা ফুটবল প্রিমিয়ার লীগ’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার চাষাভাদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় যুবসমাজের উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় তরুণ ফুটবল একাডেমি ২-০ গোল ব্যবধানে শাহীন আলিম একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এর আগে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউপি সদস্য মো. বেল্লাল সরদার।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সদস্য মো. জাহাঙ্গীর আলম সরদার বলেন, “খেলাধুলা কেবল শারীরিক সুস্থতাই জোগায় না, যুবসমাজের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের বিকাশ ঘটায়। আজকের এই জমকালো আয়োজন প্রমাণ করে যে, সঠিক দিকনির্দেশনা পেলে আমাদের তরুণরা ইতিবাচক কাজের মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে পারে। একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের নিয়মিত খেলাধুলার চর্চা ধরে রাখতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে ইউপি সদস্য মো. বেল্লাল সরদার বলেন, “যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। চাষাভাদ্রার তরুণরা আজ যে সুন্দর ও প্রাণবন্ত টুর্নামেন্টের আয়োজন করেছে, তা সত্যিই প্রশংসনীয়।”
মো. বদিউর রহমানের সভাপতিত্বে এবং মো. রাশেদুল ইসলাম রাশেদের সঞ্চালনায় স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন বয়সী সহস্রাধিক দর্শক খেলাটি উপভোগ করেন।
খেলা শেষে আমন্ত্রিত অতিথি ও আয়োজকবৃন্দ বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।