মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বাহাউদ্দিনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ‘মানিকগঞ্জ জেলার সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে দুই প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহন করেন।
সমাবেশে বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়। অংশ গ্রহণকারীদের অধিকাংশের হাতেই ছিলো, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ডা. বাহাউদ্দিনের ছবি সংবলিত প্ল্যাকার্ড। এ ছাড়া ‘চিকিৎসার নামে নয়-ছয় চলবে না’ এবং ‘পছন্দের ঠিকাদার দিয়ে দায়সারা কাজ বন্ধ করো’ এমন নানা শ্লোগান লেখা প্ল্যাকার্ডও প্রদর্শন করা হয়। এই কর্মসূচিতে হাসপাতালে আসা সাধারণ রোগীরাও চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহে অনিয়মের বিষয়ে তাঁদের নানা অভিযোগ তুলে ধরেন।
বক্তারা অভিযোগ করে বলেন, বিগত সরকারের সময় নিজেকে ‘শেখ হাসিনার সন্তান’ পরিচয় দিয়ে ডা. বাহাউদ্দিন বিভিন্ন সময় ক্ষমতার অপব্যবহার করেছে। বিশেষ করে,২০২৪ সালের আন্দোলনের সময় (১৮ জুলাই) আহত শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দেয় নি। ঠিক একই ভাবে (৪ আগস্ট) মানিকগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্র-জনতা যেন হাসপাতালে চিকিৎসাসেবা না পায়,সে জন্য তাঁর নির্দেশে হাসপাতালের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়েছিল।
বক্তারা আরও বলেন, এমন এক জন স্বৈরাচারের দোসর কীভাবে এখনো জেলা শহরের মতো একটি গুরুত্বপূর্ণ হাসপাতালে বহাল তবিয়তে কর্মরত থাকেন, তা সাধারণ মানুষের মনে বড় প্রশ্ন তৈরি করেছে। দায়িত্বে বহাল থেকে তিনি এখনো তাঁর পুরোনো স্টাইলে পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিয়ে অনৈতিক সুবিধা ভোগ করছেন। এই দুর্নীতিবাজ কর্মকর্তাকে দ্রুত অপসারণ করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
’মানিকগঞ্জ জেলার সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে অনুষ্ঠিত এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, আমীর হামজা পিন্টু, আনোয়ার হোসেন, সাইদুর রহমান, নূরুল ইসলামসহ স্থানীয় আরও অনেকে।
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্বাবধায়ক ডা.বাহাউদ্দীন বলেন,আমার বিরুদ্ধে যে অভিযোগ গুলো আপনাদের মাধ্যমে জানতে পারলাম তা সম্পূর্ণ ভিত্তিহীন। নিয়ম অনুয়ায়ী আমি আমার দ্বায়িত্ব পালন করছি বলেও মন্তব্য করেছেন এই প্রশাসনিক কর্মকর্তা।
উল্লেখ্য, ডা.বাহাউদ্দীন ২৫ মে ২০২২ সালে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক হিসেবে যোগদান করেছেন।