মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সোনাই বেগম (২৫) নামে এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরের দিকে মহাসড়কের পাশে অবস্থিত এসিআই মোটরস লিমিটেডের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সোনাই বেগম জাগীর এলাকার শামীমের স্ত্রী এবং সোনা মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সোনাই বেগম মহাসড়কের পাশে অবস্থান করছিলেন। এ সময় ঢাকাগামী একটি অজ্ঞাত যানবাহন দ্রুতগতিতে এসে তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। খবর পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠায়।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতুব্বর জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘাতক গাড়ি ও এর চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।





