শিরোনাম
Advertisement
সারাদেশ

দুর্গাপূজা: মানিকগঞ্জ পৌরসভার বিশেষ অনুদান

Advertisement
দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জ পৌরসভায় অনুদান হস্তান্তর ও মতবিনিময় সভাছবি: সারাক্ষণ সংবাদ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জ পৌরসভার ৩২টি মন্দিরকে সাড়ে সাত হাজার (৭, ৫০০) টাকা করে অনুদান দিয়েছে মানিকগঞ্জ পৌরসভা।

​বুধবার (৭ অক্টোবর) বিকেলে পৌরসভা মিলনায়তনে দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় মন্দির কমিটির প্রতিনিধিদের হাতে এই অনুদানের নগদ টাকা তুলে দেওয়া হয়।

​সভায় মাদকের ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি বিদ্যুৎ ব্যবহারে সতর্ক থাকার বিশেষ আহ্বান জানানো হয়। পূজা মণ্ডপে মানসম্মত বৈদ্যুতিক তার ব্যবহার করে ওয়্যারিং সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনো ক্ষেত্রে ঝুলন্ত, জোড়াতালি দেওয়া বা কাটা-ছেঁড়া তার ব্যবহার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে বৈদ্যুতিক মিটারে অতিরিক্ত লোড সংযোগ না দেওয়ার বিষয়েও সতর্ক করা হয়।

​পূজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পল্লী বিদ্যুতের বিশেষ টিম নিয়োজিত থাকবে। এছাড়া বিকল্প ব্যবস্থা হিসেবে প্রয়োজনীয় স্থানে জেনারেটর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রবেশদ্বার ও তোরণ নির্মাণের সময় বৈদ্যুতিক খুঁটি বা তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়। বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে অবহিত করতে বলা হয়েছে এবং যেকোনো প্রয়োজনে ০১৯৭৬৯৪০২৫৫০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

​পৌরসভার প্রশাসক মৌসুমী খানম বলেন, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে রাস্তাঘাট মেরামত ও স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। গত দুবছর এই অনুদান দেওয়া বন্ধ ছিল, তবে এবার থেকে আমরা তা পুনরায় চালু করলাম। আশা করি, এই অনুদান প্রদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পূজা উদযাপন সুন্দর ও সফল করতে আমরা সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।

​পৌরসভার প্রশাসক মৌসুমী খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, পৌর নির্বাহী কর্মকর্তা মো. অহিদুল মিয়া, নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী আবুল হাসান, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা কমিটির সভাপতি কালীপদ ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির সভাপতি প্রণব কুমার শিকদার দুলাল, সাধারণ সম্পাদক রুহিদাস তরফদার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট জেলা কমিটির সভাপতি রঞ্জিত কুমার দে, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকার, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শিশির কুমার দাস, জাতীয় হিন্দু মহাজোট জেলা কমিটির সাধারণ সম্পাদক তাপস রাজবংশী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট জেলা কমিটির যুগ্ম সম্পাদক মিঠু রবি দাস এবং পূজা উদযাপন পরিষদ পৌর কমিটির সাধারণ সম্পাদক কৈলাশ কর্মকারসহ বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধিবৃন্দ।

​মানিকগঞ্জ পৌরসভা আয়োজিত এই সভায় পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ