মানিকগঞ্জে ‘ক্রিকেট উন্নয়ন ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
সভায় বক্তারা বলেন, দ্রুততম সময়ের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত কমিটি অনুমোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া আগামী শীত মৌসুমে যেন নিয়মিত ক্রিকেট টুর্নামেন্ট শুরু করা যায়, সে লক্ষ্যে একটি সাব-কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
একই সঙ্গে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটিকে ক্রিকেট খেলার উপযোগী হিসেবে গড়ে তোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ক্রিকেটের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান, জেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌসী আক্তার বন্যা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, কোয়াব (COAB)-এর সভাপতি তানজিলুর ফারগানি তানজু ও সাধারণ সম্পাদক মাসুদ রায়হান।
এছাড়াও আম্পায়ার অ্যান্ড স্কোরার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মাসউদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক সাঈদ খান মজলিশ, সাবেক ক্রিকেটার প্রণব শিকদার দুলাল, আশিক ইকবাল বাদল, ক্রিকেট কোচ সাইমুম মিয়া ও আতিক ফরিদসহ স্থানীয় সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।





