মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের টেপরা এলাকায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম নামে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের টেপরা বাসস্ট্যান্ডের কাছাকাছি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শাহ আলম কাভার্ডভ্যানের চালক ছিলেন।
জানা যায়, পাটুরিয়া ফেরি পার হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ‘রয়েল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে পাটুরিয়াগামী একটি কাভার্ডভ্যান টেপরা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের চালক শাহ আলম ঘটনাস্থলেই নিহত হন এবং বাসের হেলপার (সহকারী) আহত হন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি জব্দ করা গেলেও বাসের চালক পালিয়ে যান।
বরঙ্গাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশীদ জানান, ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।





