শিরোনাম
Advertisement
খেলা

প্রতিকূলতা পেরিয়ে জয়ের মঞ্চে মানিকগঞ্জের বালিকা হ্যান্ডবল দল

Advertisement
মানিকগঞ্জ ঘোস্তা দিদার মাহমুদ উচ্চ বিদ্যালয়ের বালিকা হ্যান্ডবল দলছবি: সারাক্ষণ সংবাদ

    প্রতিকূলতা ও সীমাবদ্ধতা কখনোই যে সাফল্যের পথ রুদ্ধ করতে পারে না, তা আরও একবার প্রমাণ করেছে মানিকগঞ্জের এক প্রত্যন্ত অঞ্চলের কিশোরীরা।

    ​কোনো পেশাদার কোচ, আধুনিক সুযোগ-সুবিধা কিংবা উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা ছাড়াই কেবল অদম্য ইচ্ছাশক্তি, কঠোর অধ্যবসায় ও আত্মবিশ্বাসকে সম্বল করে এগিয়ে চলেছে মানিকগঞ্জ সদর উপজেলার ঘোস্তা দিদার মাহমুদ উচ্চ বিদ্যালয়ের বালিকা হ্যান্ডবল দল।

    ​জানা যায়, ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পর এবার ঢাকা আঞ্চলিক প্রতিযোগিতায় মুন্সিগঞ্জ জেলা দলকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করে সেমিফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করেছে দলটি।

    ​কালীগঙ্গা নদীর তীরঘেঁষা গ্রামীণ পরিবেশে অবস্থিত এই বিদ্যালয়টির শিক্ষার্থীরা নানা অবকাঠামোগত ও সামাজিক প্রতিকূলতার মধ্যেও ক্রীড়াঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। জেলা পর্যায় পেরিয়ে আঞ্চলিক প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে ইতোমধ্যে খেলোয়াড়দের বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

    ​দলের খেলোয়াড়দের সাথে কথা বলে জানা যায়, শহরের শিক্ষার্থীদের মতো পর্যাপ্ত সুযোগ-সুবিধা কিংবা নিবিড় অনুশীলনের সুযোগ তাদের ছিল না। কোনো পেশাদার কোচের দিকনির্দেশনা ছাড়াই কেবল খেলাধুলার প্রতি তীব্র অনুরাগ, পারস্পরিক সমন্বয় ও নিয়মিত অনুশীলনের ওপর ভর করে তারা এই পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়েছে। খেলোয়াড়দের প্রত্যাশা সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা এবং পেশাদার প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে ভবিষ্যতে তারা বিভাগীয় ও জাতীয় পর্যায়েও আরও বড় সাফল্য এনে দিতে পারবে।

    ​শিক্ষার্থীদের এই অগ্রযাত্রার পেছনের চ্যালেঞ্জগুলো তুলে ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মুজিবুর রহমান বলেন, “গ্রামীণ পরিবেশে সাধারণ পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের, বিশেষ করে কিশোরী মেয়েদের ক্রীড়া কার্যক্রমে সম্পৃক্ত রাখা ও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নানাবিধ সামাজিক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। তবে সব প্রতিকূলতা ডিঙিয়ে মেয়েদের এই অভাবনীয় অর্জন আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।”

    ​সব সীমাবদ্ধতাকে পেছনে ফেলে ঘোস্তা দিদার মাহমুদ উচ্চ বিদ্যালয়ের এই অদম্য বালিকা দলের দৃষ্টি এখন শুধুই সামনের দিকে। আঞ্চলিক সেমিফাইনালের বাধা অতিক্রম করে কাঙ্ক্ষিত শিরোপা নিজেদের করে নেওয়াই এখন তাদের মূল লক্ষ্য। প্রতিকূল পরিবেশ থেকে উঠে আসা এই দলটির অদম্য লড়াই মানিকগঞ্জের ক্রীড়াঙ্গনে এক নতুন আশার আলো সঞ্চার করেছে।

    ​উল্লেখ্য, ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলা শেষে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মানিকগঞ্জ মডেল স্কুল মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

    ​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন ও শিক্ষা) খায়রুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার আমির হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, মানিকগঞ্জ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিন এবং ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ বিভাগের আরও সংবাদ