শিরোনাম
Advertisement
সারাদেশ

ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

Advertisement
ছবি: সা.স গ্রাফিক

নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগের উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বশির মিয়ার হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো একসময় এই ঘটনা ঘটে।

​আহত বশির মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের পালোরার চর গ্রামের মনিরের ছেলে। তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশী ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে অভিযোগ করা হয়, বিএনপি-জামায়াত সমর্থিত সন্ত্রাসীরা বশিরের হাত-পায়ের রগ কেটে দিয়েছে।

​অন্যদিকে, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, এটি বশিরের নিজস্ব বন্ধুদের মধ্যকার দ্বন্দ্ব এবং স্থানীয় সূত্রে জানা যায়, মাদকের অর্থ সংক্রান্ত অভ্যন্তরীণ বিরোধের ফল। ছাত্রদল কিংবা বিএনপির অঙ্গসংগঠনের ওপর দায় চাপাতে নিষিদ্ধ সংগঠনটি মিথ্যা রটনা বা গুজব ছড়াচ্ছে বলেও তিনি দাবি করেন।

​সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, হামলাকারীরা বশিরের পূর্ব-পরিচিত বা বন্ধু এবং তাদের বাড়িও সদর উপজেলায়। বশিরকে কীভাবে এবং কেন ইটভাটায় নিয়ে আসা হয়েছিল,তা নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফাহিম আসজাদ জানান,ঘটনাটি ঘটেছে মধ্যরাতে মানিকগঞ্জ সদর থানার সীমানা শেষ এবং সিংগাইর থানা শুরুর প্রায় ২০০ গজের মধ্যে। হামলায় কারা জড়িত, সে বিষয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিরোধ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ বিষয়ে আইনি পদক্ষেপ হিসেবে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরও সংবাদ