বিএসটিআই-এর লাইসেন্স ছাড়া মিষ্টি তৈরির অপরাধে মানিকগঞ্জের ঘিওরে ‘নিজাম সুইটস’কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঘিওরের তেরশ্রী বাজারে বিএসটিআই ও উপজেলা প্রশাসন যৌথ ঝটিকা অভিযান চালায়।
বাধ্যতামূলক সিএম (সার্টিফায়িং মার্কস) লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন মিষ্টি তৈরি ও বিক্রি করে আসছিল প্রতিষ্ঠানটি। বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০ ধারা লঙ্ঘনের দায়ে নিজাম সুইটসের স্বত্বাধিকারী সাইফুল ইসলামকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
জনস্বাস্থ্য রক্ষা ও খাদ্যের গুণগত মান নিশ্চিত করতে বিএসটিআই-এর এমন তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনা করেন, ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর ইসলাম। বিএসটিআই-এর পক্ষে পরিদর্শক কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার সহিদুল ইসলাম।





