গতকাল সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছে মারা গেছেন ভারতীয় বাংলা সিনেমার প্রবীণ অভিনেতা বিপ্লব চ্যাটার্জি। এ অভিনেতার ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা—“প্রয়াত”। তারপর থেকে দেশ-বিদেশ থেকে ফোন পাচ্ছেন ঊনআশি বছর বয়সি এই অভিনেতা। পরিস্থিতি ঘোলাটে হওয়ায় আড়াল ভেঙে দেখা দিয়েছেন। পাশাপাশি কড়া বার্তাও দিয়েছেন এই অভিনেতা।
এক ভিডিও বার্তায় রসিকতার ছলে বিপ্লব চ্যাটার্জি বলেন, “জানি আপনারা আমায় চেনেন। এমন কিছু বদমায়েশি চরিত্রে অভিনয় করেছিলাম, যে কারণে সবাই আমায় খারাপ লোক বলেই জানেন। কিন্তু আমাদের এখানে রাজনৈতিক নেতা যারা আছেন, তাদের থেকে আমি খারাপ নই।”
বিপ্লব চ্যাটার্জি তার মৃত্যুর বিভ্রান্তিকর খবর ছড়ানো নিয়ে বলেন, “আমার সম্পর্কে একটি বিভ্রান্তিমূলক খবর বেরিয়েছে, ওই ফেসবুক, না কি যেন আছে তাতে। আমি না কি মারা গিয়েছি। আরে মরে তো একদিন যাবই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঈশ্বর যত দিন বাঁচিয়ে রাখবেন থাকব।”
হাতজোড় করে সকলের কাছে অনুরোধ করে বিপ্লব চ্যাটার্জি বলেন, “এই ধরনের খবর ছড়ানো বন্ধ করুন। শুধু আমার একার জন্য বলছি না, যে বা যার ব্যাপারেই এমনটা বলবেন, একটু ভেবেচিন্তে বলুন। এই বিষয়টি একদম ঠিক হচ্ছে না। এটাকে শিক্ষার অভাব বলেই আমি মনে করি। আমার পরিবার-পরিজন থেকে আর্টিস্টস ফোরামের সদস্যরাও আপত্তি জানিয়েছেন। তাই এমন কিছু ছড়াবেন না।”
ভিডিওর শেষাংশে ভক্ত-অনুরাগীদের আশ্বস্ত করে বিপ্লব চ্যাটার্জি বলেন, “আরেকটা কথা আপনাদের বলি, ‘মৃত্যু’ কামনা না করে সবার সুস্থতা কামনা, সুন্দর কামনা করছি। ভালো থাকবেন, হৃদয়ে আনন্দ নিয়ে থাকবেন।”
বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুর মিথ্যা খবর ছড়ানোর তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রকাশ করে—‘ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরাম’। বিবৃতিতে বলা হয়, বিপ্লব চ্যাটার্জি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন। শুধু তাই নয়, এই ধরনের ভিত্তিহীন গুজব যাতে কোনোভাবে শেয়ার করা না হয় বা আগে যাচাই করে নেওয়া হয়, সেই অনুরোধও করে আর্টিস্টস ফোরাম।
১৯৪৭ সালের ৮ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন বিপ্লব চ্যাটার্জি। ১৯৭০ সালে সত্যজিৎ রায় পরিচালিত ‘প্রতিদ্বন্দী’ সিনেমার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু। এরপর অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। বয়স আশি ছুঁই ছুঁই তবু অভিনয় থেকে দূরে নেই। যদিও কাজ খুবই কম করেন। গত কয়েক বছরে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রজেক্টের মধ্যে রয়েছে—‘দুর্গ রহস্য’, ‘সাবাস ফেলুদা’, ‘অসুর’ প্রভৃতি।
সূত্র : রাইজিংবিডি





