কালিগঙ্গা নদীর বুকে বহুল প্রতীক্ষিত নৌকা বাইচ প্রতিযোগিতার নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কালিগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেন আয়োজক কমিটির সদস্য সচিব ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আবহমান বাংলার এই ঐতিহ্যবাহী বাইচকে কেন্দ্র করে ইতোমধ্যে সর্বস্তরের মানুষের মাঝে এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। এবারের প্রতিযোগিতায় মোট ৬টি জেলা থেকে বিপুলসংখ্যক দল ও তাদের সুসজ্জিত নৌকা নিবন্ধিত হয়েছে।
দূর-দূরান্তের প্রতিযোগী দলের মধ্যে দেশের অন্যতম সীমান্তবর্তী অঞ্চল কুড়িগ্রামের রৌমারী থেকেও আকর্ষণীয় নৌকা অংশ নিচ্ছে।
নৌকা বাইচ ঘিরে এবার প্রতিযোগী ও ক্রীড়ামোদী দর্শকদের উৎসাহ-উদ্দীপনা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। নিবন্ধিত নৌকার সংখ্যা প্রত্যাশার চেয়ে অনেক বেশি হওয়ায় পূর্বনির্ধারিত শুক্রবার (২৫ সেপ্টেম্বর ) এর পরিবর্তন আবশ্যক হয়ে পড়ে।
বিশেষ করে ওই দিন জুম্মার নামাজের বিষয়টিকে প্রাধান্য দিয়ে বাইচের তারিখ পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেয় আয়োজক কমিটি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শনিবার (৩ অক্টোবর) এই বর্ণাঢ্য বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নির্ধারিত দিনে প্রতিযোগী ও নৌকার সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করছে আয়োজক কমিটি।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দূর-দূরান্ত থেকে আসা সব প্রতিযোগী দলের সুষ্ঠু অংশগ্রহণ নিশ্চিতকরণ ও দর্শকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
পাশাপাশি নদীর দুই তীরে সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রায় ছয় শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান, সদস্য সচিব মো. রকিবুর ইসলাম রকিব।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,কামাল হোসেন, দেলোয়ার হোসেন, সবুর উদ্দিন, মোহাম্মদ শাহিন হোসেন, সিদ্দিকুর রহমান, আরিফুর রহমান, নজরুল ইসলাম ফেরদৌস, আরিফ ইকবাল চঞ্চল, অ্যাডভোকেট দেওয়ান মিজানুর রহমান, সোহেল রানা বিল্টু, আসিফ আহমেদ আউয়াল, আব্দুর রশিদ লাভলুসহ সহস্রাধিক সাধারণ মানুষ।





