মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুর রহমান মিঠু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইউনিয়নের চারটি পূজা মণ্ডপে নিজস্ব অর্থায়নে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
শনিবার (১৭ অক্টোবর) রাতে সিংজুরী ইউনিয়নের কালীবাড়ি মন্দির, বৈলতলা-মুকুন্দপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত চণ্ডীদাস নাট মন্দির, রুহুণ্ডি মধু বিশ্বাসের কালী মন্দির এবং বৈলতলায় সংকর সূত্রধরের বাসভবনের পূজা মণ্ডপসহ মোট চারটি মন্দির সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুর রহমান মিঠু প্রতিটি মন্দির কমিটির নেতৃবৃন্দ, পুরোহিত ও দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন,ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের এই বাংলায় যুগ যুগ ধরে সর্বজনীন উৎসবগুলো সম্প্রীতির আবহ তৈরি করে আসছে। যেকোনো আপদ-বিপদ ও সার্বিক সহায়তায় আমি এবং আমার ইউনিয়ন পরিষদ সবসময় আপনাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি অন্যায় ও অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও সুন্দরের বিজয়ের প্রতীক। এই উৎসবের মধ্য দিয়ে আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, অসাম্প্রদায়িক চেতনা এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্ত উপস্থিত ছিলেন।
উৎসব-মুখর পরিবেশে পূজা মণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় চেয়ারম্যান মোঃ আসাদুর রহমান মিঠুর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সর্বস্তরের জনগণ।





