বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ফাইনাল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা ও সাবেক আহ্বায়ক গোলাম মোস্তফা খান রতন।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় কাঞ্চনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ও ৬ নম্বর ওয়ার্ড প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় টাইব্রেকারে ৪ নম্বর ওয়ার্ডকে ৩-২ গোলে হারিয়ে ৬ নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ এবং রানার্সআপ দলকে একটি রঙিন টেলিভিশন উপহার দেওয়া হয়।
পরে কাঞ্চনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোশারফ হোসেন মুসার সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মো. মোশারফ হোসেন মুসা কাঞ্চনপুর ইউনিয়নে কোনো খেলার মাঠ না থাকার বিষয়টি তুলে ধরে বলেন, আমাদের মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম শান্তর মাধ্যমে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আমাদের ইউনিয়নে একটি খেলার মাঠের ব্যবস্থা করা হোক। খেলার মাঠ না থাকায় বর্তমানে যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির অঙ্গীকার বাস্তবায়ন হলে এ এলাকার যুবসমাজ মাদক ছেড়ে পুনরায় খেলার মাঠে ফিরে আসবে বলে আমরা আশাবাদী।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সফল আয়োজনের জন্য আয়োজক কমিটিসহ দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আজ খেলার মধ্য দিয়ে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবিটি সামনে এসেছে। মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম শান্তর মাধ্যমে যাতে কাঞ্চনপুরে একটি খেলার মাঠ নির্মাণ করা যায়, আমরা সেজন্য স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাব, ইনশাল্লাহ।
ফাইনাল ম্যাচের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি আব্দুল মতিন মোল্লা লাভলু, সাংগঠনিক সম্পাদক সাইমুন চৌধুরী, কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম চান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাহার উদ্দিন, গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদ শিকদার ও সাধারণ সম্পাদক জাফর আলম।
এছাড়াও জনতা ব্যাংকের ডিজিএম জেসমিন আরা, পায়রা ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান এখলাস উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি বাদশা গায়ানসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।





