শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৮৪টি পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ঘিওর উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পূজা-মণ্ডপ গুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সংসদ সদস্য এস. এ. জিন্নাহ কবির। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংসদ সদস্যের সহধর্মিণী সায়লা কবীর।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস. এ. জিন্নাহ কবির বলেন, বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। যুগে যুগে এ দেশের মানুষ আবহমান কাল ধরে একে অপরের আনন্দ-বেদনায় পাশে দাঁড়িয়েছে। ধর্ম যার যার, উৎসব সবার—এই নীতিতে বিশ্বাস রেখে আমরা শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখতে চাই। শারদীয় উৎসব সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ছড়িয়ে দিক অনাবিল আনন্দ ও ঐক্য।

অনুষ্ঠানের উদ্বোধক সায়লা কবীর বলেন, উৎসবের আনন্দ একা উপভোগ করার নয়, বরং তা সবার মাঝে ভাগ করে নেওয়ার মধ্যেই রয়েছে প্রকৃত সার্থকতা। দুর্গাপূজা কেবল ধর্মীয় আচার নয়, এটি মিলনমেলার এক মহান বার্তা বহন করে। আমাদের এই ক্ষুদ্র উপহার সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের উৎসবের আনন্দকে আরো বাড়িয়ে তুলবে বলে বিশ্বাস করি।
জানা গেছে, উপজেলার প্রতিটি পূজামণ্ডপের অনুকূলে দুটি করে ধুতি ও একটি করে শাড়ি উপহার হিসেবে প্রদান করা হয়।
উপহার বিতরণকালে ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাবেক সহ-সভাপতি আবু কায়সার রেজা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম, সাংগঠনিক সম্পাদক আল-মামুন ও মিজানুর রহমান কুদরত, ঘিওর ডি. এন. পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান সিকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফ সানোয়ার, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ও তাজুল ইসলাম তারেকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া অনুষ্ঠানে উপজেলার ৮৪টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। শারদীয় উৎসবে এ উপহার পেয়ে সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিরা প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।





