টাঙ্গাইলের নাগরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে ভারড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ফ্যামিলি কার্ডের সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে প্রান্তিক এবং প্রকৃত সুবিধা বঞ্চিত মানুষের দোরগোড়ায় সরকারি সামাজিক সুরক্ষা সেবা পৌঁছানো আরও সহজ ও ত্বরান্বিত হবে। কোনো যোগ্য ও অসহায় পরিবার যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হয়। সে দিকে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। সবার আগে বাংলাদেশ গড়ার অংশ হিসেবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রতিটি সুফলভোগীর অধিকার রক্ষা করাই আমাদের লক্ষ্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল বারী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান ফারুক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা এবং যুবদলের যুগ্ম-আহ্বায়ক আলতাফ হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





