খাদ্যমন্ত্রী আফরোজা খানমকে না জানিয়ে সরকারি সফরসূচি তৈরি করে খাদ্যগুদাম পরিদর্শনে যাওয়ায় দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন তার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবদুল আওয়াল বুলবুল।
এ সফরসূচি তৈরিতে সহায়তার অভিযোগে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
প্রথম আলোর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর টাঙ্গাইলের নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শন করেন এপিএস আবদুল আওয়াল।
এ সফরের জন্য ৮ অক্টোবর রফিকুল ইসলামের স্বাক্ষরে একটি সরকারি সফরসূচির নোটিশ জারি করা হয়।
নোটিশে ঢাকার মোহাম্মদপুরে এপিএস আবদুল আওয়ালের নিজের বাসা থেকে যাত্রা শুরু করে পরিদর্শন শেষে আবার বাসায় ফেরার কর্মসূচি উল্লেখ করা হয়।
সফরের যাবতীয় সহায়তার জন্য নোটিশের অনুলিপি খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে দেওয়া হয়।
এ ছাড়া জ্বালানির ব্যবস্থা করতে অনুলিপি পাঠানো হয় খাদ্য অধিদপ্তরের পরিবহন পুলের পরিচালককে।
ওই সফরে কয়েকজন সরকারি কর্মকর্তাও অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।
মন্ত্রণালয় সূত্রের ভাষ্য অনুযায়ী, এপিএসের এই সফর সম্পর্কে খাদ্যমন্ত্রী আফরোজা খানম কিছুই জানতেন না। বিষয়টি জানার পর তিনি বিরক্ত হন। সফরের পরদিন আবদুল আওয়ালকে নিজের কক্ষে ডেকে অফিস থেকে চলে যেতে বলেন মন্ত্রী। এরপর তাকে মৌখিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, খাদ্যমন্ত্রীর এপিএস হিসেবে এ ধরনের কর্মসূচি পালনের সুযোগ নেই।
এ বিষয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, তাকে না জানিয়ে খাদ্যগুদাম পরিদর্শনে যাওয়ায় আবদুল আওয়ালকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সূত্র: বাংলানিউজ





