টাঙ্গাইলের নাগরপুরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার সার্বিক প্রস্তুতি ও পরিবেশ পরিদর্শন করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু।
বুধবার (১৪ অক্টোবর) দিনব্যাপী তিনি নাগরপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজা মণ্ডপের প্রতিমা তৈরির কাজ, আলোকসজ্জা ও নিরাপত্তাব্যবস্থা ঘুরে দেখেন।
একই সঙ্গে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
মণ্ডপ পরিদর্শনকালে এক সুধী সমাবেশে সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক ও অটুট সামাজিক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের হাজার বছরের ইতিহাস শেখায় ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। এই দেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব পূর্ণ স্বাধীনতা, নিরাপত্তা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করবে, এটিই আমাদের মূল চেতনা। অশুভ ও অপশক্তির বিরুদ্ধে শুভ এবং সত্যের জয়ই দুর্গা পূজার মূল বার্তা। আমরা সবাই মিলেমিশে একটি বৈষম্যহীন, শান্তিময় ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই। আসন্ন শারদীয় দুর্গা পূজা যেন সর্বজনীন উৎসব হিসেবে অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, আমরা তা নিশ্চিত করব।
তিনি আরও বলেন, পূজায় নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির সদস্য এবং সকল স্তরের সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তব্য শেষে তিনি নাগরপুরসহ দেশ-বিদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পরিদর্শনকালে নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান ফারুক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল বারী, যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সনাতন ধর্মাবলম্বী নাগরিকগণ উপস্থিত ছিলেন।





