শারদীয় দুর্গাপূজায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সম্পূর্ণ সতর্ক রয়েছে জানিয়ে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মইনুল ইসলাম খান শান্ত বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক বাজারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল ও দুস্থ পরিবারের মাঝে সরকারি জিআর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। শারদীয় দুর্গোৎসব যাতে অত্যন্ত শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সে লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পূজাকে কেন্দ্র করে কোনো অশুভ শক্তি বা স্বার্থান্বেষী মহল অপ্রীতিকর পরিস্থিতি তৈরি কিংবা আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা করলে কঠোর হাতে তা দমন করা হবে।
তিনি আরও করেন, ধর্ম যার যার, উৎসব সবার,এই নীতিতে বিশ্বাস রেখে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে পূজার আনন্দ ভাগাভাগি করে নিতে হবে। সরকার অসচ্ছল ও দুস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলবে।
মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন, সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলী নুর এবং ভাড়াড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসন এই মানবিক সহায়তামূলক কর্মসূচির আয়োজন করে। শারদীয় দুর্গোৎসব উদ্যাপনে এলাকার অসচ্ছল ও দুস্থ পরিবারগুলোর সুবিধা নিশ্চিতে এই জিআর চাল বিতরণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।