মানিকগঞ্জের দৌলতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৯ অক্টোবর) দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দৌলতপুর বাজার বাসস্ট্যান্ড এলাকার ‘হানিফের মাংসের দোকানে’ অস্বাস্থ্যকর পরিবেশ ও সার্বিক অব্যবস্থাপনা দেখা যাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস জানান, ভোক্তা সাধারণের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের অধিকার রক্ষা ও খাদ্যে ভেজাল বা অস্বাস্থ্যকর পরিবেশ রোধে উপজেলা প্রশাসনের এই তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, কোনো ব্যবসায়ীকে হয়রানি করা আমাদের উদ্দেশ্য নয়। সবাইকে সচেতন ও নিয়মকানুন মেনে ব্যবসা পরিচালনায় উদ্বুদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য।
অভিযান পরিচালনাকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।





