মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’ (৮ অক্টোবর – ২৯ অক্টোবর) সফল করার লক্ষ্যে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে দৌলতপুর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী এবং সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
জানা যায়, অভিযানকালে ইলিশের প্রজনন সুরক্ষা ও মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষতিকারক ৯,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল, ৪০টি চায়না দুয়ারি জাল এবং প্রায় ৩০০ গ্রাম ইলিশ মাছ জব্দ করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৩০ হাজার টাকা।
পরবর্তীতে জব্দকৃত অবৈধ জালগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গণে সর্বসাধারণের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অন্যদিকে জব্দ করা ইলিশ মাছটি স্থানীয় এক অসহায় ও দরিদ্র ব্যক্তির মাঝে বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী জানান, ইলিশ আমাদের জাতীয় সম্পদ ও গৌরবের প্রতীক। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করতে পারলে আমাদের নদীতে ইলিশের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে, যার সুফল পাবেন স্থানীয় জেলে ও দেশের সকল সাধারণ মানুষ। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ও মৎস্য সম্পদ রক্ষায় আমাদের নদীভিত্তিক এ ধরনের কঠোর ও সতর্ক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। আমরা কোনো অবৈধ মৎস্য শিকারীকে ছাড় দেব না।





