মানিকগঞ্জের সিংগাইরে পরকীয়া প্রেমের সন্দেহে স্ত্রীর ছুরিকাঘাতে রাশেদুল (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরের দিকে উপজেলার দক্ষিণ ধল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
রাশেদুল ও হাসনা বেগম প্রায় দেড় যুগ আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুটি সন্তান রয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্ত্রী হাসনা বেগম (৩৬) পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী রাশেদুলের পরকীয়া নিয়ে স্ত্রী হাসনা বেগমের সন্দেহ ও পারিবারিক কলহ চলছিল। ভোরে কথা কাটাকাটির এক পর্যায়ে হাসনা বেগম ধারালো ছুরি দিয়ে স্বামীর পেটে আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই রাশেদুলের মৃত্যু হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





