শিরোনাম
Advertisement
অপরাধ

সাটুরিয়ায় মাদকবিরোধী অভিযান: ৪ জনের বিনাশ্রম কারাদণ্ড

Advertisement
সাটুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানছবি: সারাক্ষণ সংবাদ

মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদক সেবনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার ধানকোড়া ইউনিয়নের কৈট্টা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম।

​দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলো, সাটুরিয়ার গোলড়া এলাকার মো. রহমতুল্লাহর ছেলে মো. আলমগীর (৫০), একই এলাকার মৃত মো. ওয়াজউদ্দিনের ছেলে আলামিন (৪২), গোলড়া পূর্বপাড়ার মৃত সহিমুদ্দিন আলীর ছেলে মো. গোলাপ হোসেন (৩৮) এবং মানিকগঞ্জ সদরের কাটিগ্রাম এলাকার মৃত ইউনুসের ছেলে মো. আনসার আলী (৩০)।

​
জানা যায়, উপজেলার ধানকোড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে কতিপয় ব্যক্তি আড্ডা দিয়ে মাদক সেবন করে আসছিলেন। এর ফলে স্থানীয় অধিবাসীদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে কৈট্টা এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চারজনকে আটক করেন।

​পরবর্তীকালে বিচারিক প্রক্রিয়া শেষে মাদক সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় আলমগীর ও আনসার আলীকে দুই মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া আলামিনকে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং গোলাপ হোসেনকে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম জানান, মাদকের ভয়াবহতা থেকে সমাজ তথা পুরো উপজেলাকে মুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও সংবাদ