মানিকগঞ্জের ঘিওরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পূর্ণিমা আক্তার (১৩) নামের অষ্টম শ্রেণীর স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ঘিওর উপজেলার চরবিনোড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পূর্ণিমা আক্তার ওই গ্রামের মৃত জামাল খানের মেয়ে।
জানা যায়, জেলার ঘিওর দুপুরে নিজ বাড়িতে ভাইয়ের সঙ্গে গো-খাদ্য (খড়) গাদা দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত টিনের বেড়ায় স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় পূর্ণিমা। এতে তার শরীর মারাত্মকভাবে দগ্ধ হয়। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘিওর থানার কর্মকর্তা বলেন, বসতঘরের টিনের বেড়ায় বিদ্যুতের তার লিক থাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।





