রুফটপ সোলার (ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ) সিস্টেম স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘রুফটপ সোলার সিস্টেম স্থাপন’ সংক্রান্ত এক উদ্বুদ্ধকরণ সভায় বক্তারা এ কথা বলেন।
সভায় জেলার বিভিন্ন সরকারি স্থাপনায় রুফটপ সোলার সিস্টেম স্থাপনের প্রয়োজনীয়তা, সম্ভাবনা ও বাস্তবায়নসংক্রান্ত নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয় এবং সরকারি প্রতিষ্ঠান গুলোতে সৌর-বিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, বিদ্যুৎ সাশ্রয় ও টেকসই জ্বালানি নিরাপত্তার জন্য রুফটপ সোলার সিস্টেম স্থাপনের কোনো বিকল্প নেই। সরকারি নির্দেশনানুযায়ী সকল উপযুক্ত ভবনের ছাদে সৌর প্যানেল বসানোর উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সুবিধা ও প্রণোদনা প্রদান করা হবে।সৌর-বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে মাঠপর্যায়ে সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমি সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান, মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. গোলাম মোস্তফা এবং পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. গিয়াস মাহমুদ।
এছাড়াও সভায় মতামত তুলে ধরেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিন, জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক শাহজাহান সিরাজ, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা শিক্ষা কর্মকর্তা আমীর হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ এবং মানিকগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নূর আহমেদসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।