টাঙ্গাইলের নাগরপুরে একাধিক মামলার আসামি ও কিশোর গ্যাং প্রধান এনাম জাবির অমিওসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার গয়হাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে নাগরপুর থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো,গয়হাটা গ্রামের আমিনুর রহমানের ছেলে ও কিশোর গ্যাং প্রধান এনাম জাবির অমিও (২১), আজগর আলীর ছেলে মো. মাসুদ মিয়া (২২), সিরাজুল ইসলামের ছেলে মো. জীবন হোসেন (২১) এবং মানিকগঞ্জ জেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ সাগর হাজীনগর গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে মো. জাহিদুল ইসলাম (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এই কিশোর গ্যাংটি স্থানীয়ভাবে ‘বেজি গ্রুপ’ নামে পরিচিত। তারা উপজেলার গয়হাটাসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। তাঁদের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে। গত ৫ আগস্টের পর গ্রুপটি কিছুদিন নিষ্ক্রিয় থাকলেও সম্প্রতি পুনরায় সংঘটিত হতে শুরু করায় জনমনে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়।
পরবর্তীকালে গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের অবস্থান নিশ্চিত হয়ে সোমবার রাতে নাগরপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগরপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, এলাকাকে সম্পূর্ণরূপে অপরাধমুক্ত রাখতে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।





