মানিকগঞ্জের হরিরামপুরে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে উদযাপনের প্রস্তুতিমূলক সভা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ৬৩টি পূজামণ্ডপের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন সেবা সংস্থার সমন্বিত পদক্ষেপের বিষয়ে আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, উৎসবের সার্বজনীনতা ও শান্তি বজায় রাখা সবার সম্মিলিত দায়িত্ব। পূজা চলাকালে সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে আনসার, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি সার্বক্ষণিক মনিটরিং সেল চালু থাকবে। মণ্ডপ কর্তৃপক্ষকে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখা এবং সামাজিক সম্প্রীতি বিনষ্টকারী যেকোনো উসকানির বিরুদ্ধে সতর্ক থাকতে বিশেষভাবে অনুরােধ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাত হোসেন, কৃষি কর্মকর্তা তৌহিদুজ্জামান খান, হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উপজেলার ৬৩টি পূজামণ্ডপের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।