পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে মহানবীর জীবন ও আদর্শের ওপর মাসব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) বিকেলে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের এমডি ডা. এম. এ. মান্নানের সভাপতিত্বে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের ডা. এম. এ. মান্নানের উদ্যোগে সেপ্টেম্বরজুড়ে আয়োজিত এ কর্মসূচিতে নাগরপুরের শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্ত অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী (সা.)-এর মানবিকতা ও আদর্শের আলোয় নতুন প্রজন্মকে আলোকিত করা অত্যন্ত জরুরি। তাঁর সুমহান চরিত্র ও প্রজ্ঞা অনুসরণ করে একটি নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।
অনুভূতি প্রকাশ করে এক বিজয়ী শিক্ষার্থী বলেন, প্রতিযোগিতায় অংশ নিয়ে মহানবী (সা.)-এর জীবন থেকে অনেক কিছু শিখেছি। এই স্বীকৃতি আমাকে তাঁর আদর্শে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে উৎসাহিত করবে।
আয়োজক ডা. এম. এ. মান্নান বলেন,নতুন প্রজন্মকে মহানবী (সা.)-এর জীবনাদর্শে অনুপ্রাণিত করতেই এই আয়োজন। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাঁর সুমহান জীবন সম্পর্কে জানার পাশাপাশি সৃজনশীলতা বিকাশের সুযোগ পেয়েছে।” ভবিষ্যতেও এমন নৈতিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় জানান তিনি।
শেষ পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। সনদ পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে। অনুষ্ঠানে নাগরপুরের সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ের নাগরিকরা উপস্থিত ছিলেন।





