মানিকগঞ্জের ঘিওর উপজেলায় রাতের আঁধারে এক কৃষকের পেঁপে বাগানে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতকারীরা।
গাছ থেকে কাঁচা পেঁপে কেটে মাটিতে ফেলে নষ্ট করার পাশাপাশি বীজ সংরক্ষণের জন্য রাখা পাকা পেঁপে চুরি করে নিয়ে গেছে । এতে ভুক্তভোগী কৃষকের প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
রোববার (৪ অক্টোবর) রাতে ঘিওর উপজেলা সদরের পশু হাসপাতাল সংলগ্ন ধলেশ্বরী নদীর উত্তর পাড় এলাকায় এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক সাদেক মিয়ার ৩০ শতাংশ জমির বাগানে প্রায় ২৭০টি পেঁপেগাছ ছিল। সোমবার সকালে বাগানে গিয়ে তিনি দেখতে পান, অসাধু চক্র কাস্তে দিয়ে কেটে ও হাত দিয়ে ছিঁড়ে কাঁচা পেঁপে মাটিতে ফেলে রেখে গেছে। এতে বেশ কয়েকটি গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুষ্কৃতকারীরা বাগানের কাঁচা পেঁপে বা গাছ সঙ্গে নিয়ে না গেলেও বীজ সংরক্ষণের জন্য রাখা ৬ কেজি ওজনের ৫০টি পাকা পেঁপের মধ্যে ৪০টি চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগী কৃষক সাদেক মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, দীর্ঘ দিনের কঠোর পরিশ্রম ও কষ্টে অর্জিত মূলধন দিয়ে বাগানটি গড়ে তুলেছিলাম। এবার ভালো ফলনের আশা থাকলেও এক রাতেই সব শেষ হয়ে গেল। এই ক্ষতি কাটিয়ে ওঠা আমার জন্য অত্যন্ত কঠিন।” তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
ঘটনার খবর পেয়ে ঘিওর উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তারা বাগান পরিদর্শন করেছেন। ঘিওর উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা খাতুন অসুস্থ থাকায় সরাসরি কথা বলতে না পারলেও মুঠোফোনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে থাকার দৃঢ় আশ্বাস দিয়েছেন।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা হিসেবে চাল, ডাল, আটা ও লবণ প্রদান করা হয়েছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুহব্বত কবীর বলেন, কৃষকের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।