মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা শুরুর আগেই শিবালয়ে অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার বড় আনুলিয়া গ্রামের ব্যবসায়ী হানিফ মোল্লার বাড়িতে এ অভিযান চালানো হয়।
জানা যায়, ৮ থেকে ২৯ অক্টোবর মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা কার্যকর হবে। তা বাস্তবায়নে গোপন সংবাদের ভিত্তিতে বড় আনুলিয়া গ্রামে এই অভিযান চালানো হয়।
ফরহাদ নামের এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে এসব জাল মজুত করেছিলেন। তবে অভিযানের সময় তাঁকে পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রীকে থানায় নেওয়া হলেও পরে ছেড়ে দেওয়া হয়।
ইউএনও মনিষা রানী কর্মকার ও মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে উদ্ধার করা প্রায় ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল, তা ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার বলেন,বড় আনুলিয়া গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ ব্যবসার সঙ্গে জড়িত ফরহাদকে আটকের চেষ্টা চলছে। মা ইলিশ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।